করোনা: হতাশা কাটাতে ‘মন খুলে চিৎকার’ করছে মেলবোর্নবাসী (ভিডিও)

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৭:৫৮ পিএম

মরণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত পুরো বিশ্ব। ২০২০ সাল যেন অভিশাপ হয়ে এসেছে মানুষের জীবনে। চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের দুই কোটিরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭ লাখ ৬০ হাজার।

করোনা মোকাবিলায় লকডাউন আরোপ হয় দেশে দেশে। প্রথম ধাপের ধাক্কা সামলিয়ে সীমিত আকারে সব কিছু চালু হলেও অনেক দেশে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। ফলে আবারও লকডাউন আরোপ হচ্ছে সংক্রমিত এলাকায়।

ভাইরাস ঠেকাতে দীর্ঘ সময় ধরে গৃহবন্দি থাকতে হয়েছে মানুষকে। লকডাউনে আত্মীয়, বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ নেই। সিনেমা দেখা, রেস্তোরাঁয় খাওয়া বা ঘুরতে যাওয়ারও সুযোগ নেই। 

লকডাউনে করোনা কতটা ঠেকানো সম্ভব হয়েছে তা তর্কসাপেক্ষ। তবে লকডাউনের কারণে মানুষের হতাশা বেড়েছে। 

মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে ঘরবন্দি থাকতে থাকতে অনেকেই একাকীত্বে ভুগছেন। একঘেয়ে জীবনে বাড়ছে মনের অসুখ।

লকডাউনের মানসিক চাপ কাটাতে অভিনব পন্থা বের করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দারা। একাকীত্বের নিস্তব্ধতা ভাঙতে মন খুলে চিৎকার করছেন তারা। 

কেউ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করছেন। কেউ আবার মাঝ রাস্তাতেই চিৎকার করে কান ফাটিয়ে দিচ্ছেন। অনেকে আবার নিজের চিৎকারের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দিচ্ছেন। 

তাদের ভাষ্য, মনের অসুখ কাটাতে মন খুলে চিৎকার করুন। চিৎকার শেষে মুখে লেগে থাকা একচিলতে হাসিই সারিয়ে দেবে মনের অসুখ। ভেঙে চুরমার করে দেবে একাকীত্বকে।

একজন টুইট করে নিজের চিৎকারের ভিডিও শেয়ার করে লিখেন, 'মন খুলে চিৎকার করার পর সত্যিই খুব ভালো লাগছে।' 

আরেকজন লিখেছেন, 'চিৎকার করার পর আমি নিজেই হেসে ফেলেছি। এটাই সম্ভবত সবচেয়ে ইতিবাচক দিক। হতাশা কাটানোর খুব ভাল উপায়।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত