দলীয় কোন্দলের কারণে পৃথকভাবে শোক দিবসের কর্মসূচি পালন করেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে গত শুক্রবার রাত থেকেই উপজেলা সভাপতি ও সম্পাদক এ দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের ভূমিকায় অবশেষে শান্তিপূর্ণভাবে পৃথক পৃথক কর্মসূচি পালন করে দুটি বিবদমান গ্রুপই।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া কর্মসূচিতে গতকাল শনিবার সকালে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
এ সময় শহরজুড়ে আলাদাভাবে পৃথক পৃথক শোক র্যালি করে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের বলয়ে সৃষ্টি হওয়া গ্রুপের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলাদা সময়ে পৃথক কর্মসূচি পালন করেন তারা।
