‘কয়েক মাস রোগে ভুগে’ মারা গেলেন ট্রাম্পের ভাই

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৯:১০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মৃত্যুবরণ করেছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার নিউইয়র্ক হাসপাতালে মারা যাওয়া ৭২ বছর বয়সী রবার্ট ‘কয়েক মাস ধরে’ অসুস্থ ছিলেন।

ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে বলেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমার প্রিয় ভাই রবার্ট আজ রাতে চলে গেল। সে শুধু আমার ভাই নয়, সবচেয়ে ভালো বন্ধুও।’

ভাইকে মিস করলেও আবার তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন ৭৪ বছর বয়সী এই প্রেসিডেন্ট, ‘ওকে ভীষণ মিস করব, কিন্তু আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে চির-অম্লান থাকবে ওর স্মৃতি। রবার্ট, আমি তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও।’

ভাইয়ের অবস্থা খারাপ হতে থাকায় ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তাকে দেখতে যান।

রবার্টের অসুস্থতার বিস্তারিত প্রকাশ করা হয়নি। ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সিএনএনকে শুধু জানিয়েছেন, বেশ কয়েক মাস রোগে ভুগছিলেন।

শুক্রবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনেও ট্রাম্প ভাইয়ের অসুস্থতার কারণ জানাননি।

ইউএস টুডে জানিয়েছে, জুনে অবস্থা খারাপ হওয়ায় রবার্টকে কয়েকদিন আইসিইউতে রাখা হয়েছিল।

রবার্ট ওয়াল স্ট্রিটে যোগ দেয়ার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরে পারিবারিক ব্যবসায় ঢুকে পড়েন।

প্রায় এক দশক আগে প্রথম স্ত্রী ব্লেন ট্রাম্পকে ডিভোর্স দেয়ার পর রবার্ট ম্যানহাটনের আপার ইস্ট সাইডে দাতব্য সংস্থা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

ট্রাম্প পরিবারে এই ভাইয়ের সঙ্গেই সবচেয়ে বেশি খাতির ছিল ডোনাল্ডের। ২০১৬ সালে নির্বাচনের প্রচার থেকে নিজেকে দূরে রাখলেও নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে রবার্ট বলেছিলেন, ‘আমি ডোনাল্ডকে হাজার শতাংশ সমর্থন করি।’

মার্চের শুরুতে দীর্ঘদিনের বান্ধবী আন মেরি পলানকে বিয়ে করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত