অর্থ আত্মসাৎ: হবিগঞ্জ মেডিকেলের অধ্যক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১১:১৬ পিএম

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের বইপত্র ও সরঞ্জাম কেনা-কাটায় সরকারের ৩ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় মেডিকেল কলেজটির অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ঝর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলি ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এসএম নজরুল ইসলাম নুতনকে আসামি করা হয়েছে।

রবিবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান ও মো. ফেরদৌস রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি করেন।

একটি মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চ মূল্যে বই ক্রয় দেখিয়ে সরকারের ১ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ১২১ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মাসাৎ করে।

অপর এজাহারে বলা হয়, অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এসএম নজরুল ইসলাম নুতন অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন। তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চমূল্য দেখিয়ে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা  টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করেছেন।

মামলা দুটি দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত