গৃহনির্মাণে ৫ শতাংশ সরল সুদে ২০ থেকে ৭৫ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ পাবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ২০ বছর মেয়াদি এই ঋণের বাকি ৪ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে। গতকাল রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং জনতা ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং জনতা ব্যাংক, ইউজিসি ভবন শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি ও জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কমিশনের সচিব ফেরদৌস জামান বলেন, ইউজিসি ঋণ পরিশোধে শতভাগ নিশ্চয়তা দিচ্ছে। এখানে কেউ ঋণখেলাপি হবে না। তিনি কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়মানুযায়ী নির্বিঘ্নে ঋণ বিতরণে জনতা ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিসহ ইউজিসি ও জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
