মেয়ের করোনা সনদ জটিলতা

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে শাজাহান খানের মামলা

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০২:৩০ এএম

মানহানির অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী সাংসদ শাজাহান খান। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শাজাহান খানের আইনজীবী সৈয়দ কামরুজ্জামান মাহবুব। মামলায় ইনকিলাব সম্পাদকের সঙ্গে কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে পিবিআইকে।

মামলার আরজিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই ইনকিলাব পত্রিকায় ‘শাজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি’ শীর্ষক একটি সম্পাদকীয় প্রকাশ করা হয়। এতে মানহানিকর তথ্য দেওয়া হয়েছে। মামলায় শাজাহান খান দাবি করেছেন, তার একমাত্র মেয়ে ইংল্যান্ডের কভেন্ট্রি ইউনিভার্সিটির ছাত্রী ঐশী খান গত ২০ ফেব্রুয়ারি লন্ডন থেকে বাংলাদেশে আসেন। করোনা মহামারী ছড়িয়ে পড়ায় ঐশী তখন ইংল্যান্ডে যেতে পারেননি। গত ২৬ জুলাই বিমানের একটি ফ্লাইটে তার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল। এজন্য তিনি নিয়ম মেনে গত ২৪ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের করোনা আইসোলেশন সেন্টারে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। পরদিন বিকেল চারটার দিকে তার করোনা নেগেটিভ এসেছে বলে রিপোর্ট দেখতে পান। ওই রিপোর্ট নিয়ে ২৬ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তখন ইমিগ্রেশনে যাচাইয়ের সময় সেখানকার কর্মকর্তারা ঐশীকে জানান যে অনলাইনে তার করোনা রিপোর্ট পজিটিভ দেখাচ্ছে।

মামলার আরজিতে বলা হয়েছে, করোনার এই ভুল রিপোর্টের জন্য দায়ী সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার। ঐশীর আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটির পরিচালক চিকিৎসক আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান সংবাদ সম্মেলনে ভুলের বিষয়টি স্বীকারও করেছেন। তিনি বলেছেন, তাদের ডেটা অপারেটরের ভুলের কারণে এই সমস্যা তৈরি হয়। যার জন্য শাজাহান খান কিংবা তার মেয়ে ঐশী খান মোটেও দায়ী নন। ওই ঘটনায় তার পরিবারের মানহানি হয়েছে বলে আদালতে মামলাটি করেন শাজাহান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত