একযোগে চসিকে ৪৮ জনকে বদলি

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৮:৩৩ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ওয়ার্ড সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। সোমবার চসিকের সচিব আবু শাহেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়েছে। 

আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে এসব কর্মচারীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
বদলি হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন ওয়ার্ড সচিব, সংরক্ষিত কাউন্সিলর সচিব, বেঞ্চ সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও জন্মনিবন্ধন সহকারী।

এ প্রসঙ্গে চসিকের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন দেশ রূপান্তরকে বলেন, আমি কাজে বিশ্বাসী। নগরবাসীর সেবার জন্য প্রধানমন্ত্রী আমাকে ১৮০ দিনের জন্য চসিক প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। এ সময়টা আমি নগরবাসীর সেবার জন্য দিনরাত সময় দিতে চাই। এ লক্ষে কাজ করছি। চসিকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছি। সবাইকে এখন থেকে নগরবাসীর জন্য একযোগে কাজ করতে হবে। তাই নানা উদ্যোগ নিচ্ছি। চসিকের বিভিন্ন দফতরে কর্মরতদের কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

চসিক সূত্রে জানা যায়, ৬ আগস্ট নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন দায়িত্ব নেয়ার পর চসিকের বিভিন্ন দফতরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে তিনি পোর্ট কানেকটিং রোডে সরেজমিন গিয়ে নির্মাণকাজ তদারকি করছেন। পাশাপাশি নবনিযুক্ত প্রশাসকের নির্দেশনায় ১২ আগস্ট পৃথক দুই অফিস আদেশে চসিকের রাজস্ব বিভাগের ২৪ কর্মকর্তা-কর্মচারি এবং ভূ-সম্পত্তি শাখার ১৫ কর্মকর্তা-কর্মচারিকে একযোগে বদলি করা হয়েছিল।

এ প্রসঙ্গে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ সামসুদ্দোহা দেশ রূপান্তরকে বলেন, কাজের গতিশীলতা আনতে চসিকের ৪৮ কর্মচারীকে বদলি করা হয়েছে। তারা দীর্ঘদিন একই স্থানে কর্মরত ছিলেন। চসিকের নবনিযুক্ত

প্রশাসক মহোদয়ের নির্দেশনায় তাদের বদলি করা হয়েছে।  ইতোমধ্যে রাজস্ব শাখায় একাধিক জনকে বদলি করা হয়েছে। বিভিন্ন দফতরে আরো বদলি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত