রাজধানীর কলাবাগানে নকল বিদেশি প্রসাধনী রাখার অভিযোগে ইমরোজ কালেকশন নামে একটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ডিএমপির মিডিয়া শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।
মিডিয়া শাখার কর্মকর্তারা বলেন, কলাবাগান থানার ২৮২/২ ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ও আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও অনলাইনে প্রতারণার অভিযোগে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইমরোজ কালেকশনের মালিক মাহিন ইসলাম তন্বীকে আড়াই লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন।
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান, গত রবিবার কলাবাগান থানায় দুজন অভিযোগ করেন, তারা অনলাইনে পণ্যের অর্ডার দিয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও মালামাল তারা বুঝে পাননি। এরপর অভিযান চালানো হয়।
ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ অনেক পণ্য রয়েছে। আবার কিছু পণ্যের বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি।
