ওয়ার্ড সচিবসহ চসিকের ৪৮ কর্মচারীকে বদলি

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৩:০২ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) বড় ধরনের রদবদল করা হয়েছে। বদলি হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছে ওয়ার্ড সচিব, সংরক্ষিত কাউন্সিলর সচিব, বেঞ্চ সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও জন্মনিবন্ধন সহকারী। গতকাল সোমবার চসিক সচিব আবু শাহেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কাজে গতি আনতে এসব কর্মচারীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

এ প্রসঙ্গে চসিকের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি কাজে বিশ্বাসী। নগরবাসীর সেবার জন্য প্রধানমন্ত্রী আমাকে ১৮০ দিনের জন্য চসিক প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। এই সময়টা আমি নগরবাসীর সেবার জন্য দিনরাত সময় দিতে চাই। এ লক্ষ্যে কাজ করছি। চসিকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছি। সবাইকে এখন থেকে নগরবাসীর জন্য একযোগে কাজ করতে হবে। তাই নানা উদ্যোগ নিচ্ছি। চসিকের বিভিন্ন দপ্তরে কর্মরতদের কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

চসিক কর্মকর্তারা জানিয়েছেন, গত ৬ আগস্ট নবনিযুক্ত প্রশাসক সুজন দায়িত্ব নেওয়ার পর চসিকের বিভিন্ন দপ্তরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে পোর্ট কানেকটিং রোডে সরেজমিন নির্মাণকাজ তদারকি করছেন। পাশাপাশি নবনিযুক্ত প্রশাসকের নির্দেশনায় গত ১২ আগস্ট আলাদা দুই অফিস আদেশে চসিকের রাজস্ব বিভাগের ২৪ কর্মকর্তা-কর্মচারী এবং ভূসম্পত্তি শাখার ১৫ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছিল।

এ প্রসঙ্গে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ সামসুদ্দোহা দেশ রূপান্তরকে বলেন, ‘কাজে গতি আনতে চসিকের ৪৮ কর্মচারীকে বদলি করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে একই স্থানে কর্মরত ছিলেন। চসিকের নবনিযুক্ত প্রশাসক মহোদয়ের নির্দেশনায় তাদের বদলি করা হয়েছে। ইতিমধ্যে রাজস্ব শাখায় একাধিক জনকে বদলি করা হয়েছে। বিভিন্ন দপ্তরে আরও বদলি করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত