এইচএসসি ও সমমান এবং জেএসসি-জেডিসি পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেছেন, যখনই সিদ্ধান্ত হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর এসব বিষয়ে ২৫ আগস্টের পর জানানো হতে পারে। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব হোসেন।
করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে সচিব মাহবুব হোসেন বলেন, ‘পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেই জানিয়ে দেওয়া হবে। এটা গোপন কোনো সিদ্ধান্ত নয়। আমরা প্রকাশ্যে ঘোষণা করব। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করব। এখানে গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না।’
তিনি বলেন, ‘এটি (এইচএসসি) একটি পাবলিক পরীক্ষা, এর সঙ্গে আমাদের বিপুলসংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। এটা নিয়ে যদি আমরা গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করি, আমি বলব যে সমাজের প্রতি শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটির বড় ধরনের ব্যত্যয়। আমি অনুরোধ করব, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের গুজব বা মন্তব্য করা থেকে বিরত থাকতে।’
সচিব বলেন, ‘শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিস দিয়ে সবাইকে জানাব।’
নভেম্বরে আসন্ন জেএসসি পরীক্ষা নিয়ে সচিব বলেন, ‘আমরা যখনই পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেব, তখনই আপনাদের জানাব। শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ঘোষণা করব আমরা কী করতে যাচ্ছি।’
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা রয়েছে।
