নিম্নমানের কাজে বাধা

রাজশাহীতে গণপূর্তের প্রকৌশলীকে পেটালেন ঠিকাদার

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৩:৩১ এএম

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভূমি অফিসের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় দেলোয়ার হোসেন (২৮) নামে গণপূর্ত কার্যালয়ের এক প্রকৌশলীকে পিটিয়ে জখম করেছেন ঠিকাদার ও তার ব্যবস্থাপক।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ওই প্রকৌশলীর কক্ষের ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এ ঘটনায় রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী ইফতেখায়ের আলম বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাবুল মঞ্জুর লিটন (৩১) ও তার সহযোগী আতিকুর রহমানকে (৩২) গ্রেপ্তার করে।

আহত দেলোয়ার হোসেন বলেন, ‘প্রায় ১ কোটি টাকা ব্যয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভূমি অফিস নির্মাণের কাজ চলছে। গত রবিবার বিকেলে আমি নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে নিম্নমানের ইটের খোয়া ও শিডিউলে থাকা চার ইঞ্চির পরিবর্তে আড়াই ইঞ্চি ঢালাই দেখতে পাই। এ সময় নির্মাণকাজ বন্ধ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী সরানোর নির্দেশ দিই।’ তিনি আরও বলেন, ‘এরই জের ধরে ঠিকাদার লিটন সহযোগী আতিককে নিয়ে আজ (গতকাল) সকালে আমার কার্যালয়ে আসেন। তারা নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বিতর্কের একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালান।’

গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাহনেওয়াজ কান্তা জানান, কাঠের চেয়ার দিয়ে দেলোয়ারকে বেধড়ক পেটানো হয়েছে। তার ডান চোখের ওপরের অংশে গভীর ক্ষত হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মারধরের পর দেলোয়ারের কক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন এবং দেলোয়ারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, গণপূর্তের প্রকৌশলী দেলোয়ার হোসেনের ওপর হামলার মামলায় লিটন ও আতিককে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত