সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৫:৫৩ পিএম

ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন-দুদকের তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম মামলা তদন্ত চলাকালে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ চান।

শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন।

গত ১২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গত ১৭ নভেম্বর এই মামলায় সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সবচেয়ে আলোচিত যুবলীগ নেতা সম্রাট ও তার সহযোগী আরমানকে ৭ অক্টোবর কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ঢাকায় তার বাসা ও কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত