শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন কিনতে অর্থ সংগ্রহে ইউজিসি

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৪:৩৪ এএম

সরকারি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য অর্থ সংগ্রহে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অর্থ সংগ্রহে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্বব্যাংক, এডিবিসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে চিঠিও দিয়েছে ইউজিসি। যা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের তালিকা আসার কথা রয়েছে ইউজিসিতে।

সরকারি কোষাগার, এডিবি ও বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার মধ্যে যার কাছ থেকে দ্রুত অর্থ পাওয়া যাবে তা দিয়েই শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন কেনা হবে বলে জানিয়েছেন ইউজিসির কর্মকর্তারা।

এ ব্যাপারে ইউজিসির সচিব ফেরদৌস জামান দেশ রূপান্তরকে বলেন, ‘ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া এডিবি ও বিশ্বব্যাংকের কাছ থেকেও সহযোগিতা চাওয়া হয়েছে। তবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ। তাই আপতত সরকারের কোষাগারের ওপর ভরসা করছি। যেটা আগে পাওয়া যাবে, সেটাই গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়েছি শিক্ষার্থীদের ডেটা দেওয়ার জন্য। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের পুরো আর্থিক অবস্থার ডেটা থাকে। ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীদের কাছে আবেদন চাওয়া হবে। সেটার ভিত্তিতে ডিপার্টমেন্ট যাকে সহযোগিতা দেওয়ার প্রয়োজন মনে করবে, তার ডেটা আমাদের কাছে দেবে। আমরা তার আলোকে শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য ঋণ দেব।’

এর আগে দেশের ৪৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে ইউজিসি।

ইউজিসি বলছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরুর জন্য ২৫ জুন ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে ভার্চুয়াল সভা হয়। উপাচার্যদের মতামতের ভিত্তিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে যাতে সব শিক্ষার্থী অংশ নিতে পারেন, সে লক্ষ্যে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধাসহ শিক্ষার্থীদের বিনামূল্যে ডেটা সরবরাহ এবং স্মার্টফোন কেনার ঋণ দেওয়ার জন্য ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।

এদিকে অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যেসব শিক্ষার্থীর স্মার্টফোন কেনার আর্থিক সক্ষমতা নেই, সেসব শিক্ষার্থীর তালিকা ২৫ আগস্টের মধ্যে ইমেইলে (ফরৎবপঃড়ৎথঢ়ঁনষরপঁহরা@ঁমপ.মড়া.নফ) পাঠাতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে ইউজিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত