যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি তিন কিশোরের মৃত্যু মাথায় আঘাতজনিত কারণে হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। যশোর জেনারেল হাসপাতাল থেকে ওই ময়নাতদন্ত প্রতিবেদন জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায়।
তিনি বলেন, ‘নিহত তিন কিশোরের মরদেহের পায়ে, পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। মূলত মস্তিষ্কে আঘাতজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে।’
হাসপাতাল থেকে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা যশোরের পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
শিশু উন্নয়ন কেন্দ্রের আরও এক কর্মকর্তা বরখাস্ত : যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার রাতে মুশফিকুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ আসে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার সাহা। এ নিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত এবং আরও অনেকে হতাহতের ঘটনায় করা মামলায় কেন্দ্রটির গ্রেপ্তার হওয়া পাঁচ কর্মকর্তাই বরখাস্ত হলেন। তারা এখন পুলিশের রিমান্ডে রয়েছেন।
এদিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক হিসেবে সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনার সহকারী পরিচালক জাকির হোসেনকে যশোরে বদলি করা হয়েছে। তিনি গত বৃহস্পতিবারের হতাহতের ঘটনায় গ্রেপ্তার ও বরখাস্ত হওয়া সহকারী পরিচালক আবদুল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হলেন। গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারধরের শিকার হয়ে বন্দি থাকা তিন কিশোরের মৃত্যু হয়। আহত হয় আরও ১৫ কিশোর।
