বরিশালে একটি হত্যা মামলার রায়ে ২ সহোদর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
এ ছাড়া অন্য আসামিকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আজিজুর রহমান রিয়াজ ওই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওই রায় প্রদান করেন।
বরিশালের মেহেন্দিগঞ্জে ২০০১ সালে বিরোধের জের ধরে ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ওই রায় দেন বিচারক।
যাবজ্জীবন দণ্ডিত দুই সহোদর হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর এলাকার মৃত জয়নাল সিকদারের ছেলে বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদার। এ ছাড়া ৩ বছরের সাজাপ্রাপ্ত অপর দণ্ডপ্রাপ্ত হলেন একই এলাকার বাসিন্দা মো. মামুন।
বাদী পক্ষের আইনজীবী মো. আজিজুর রহমান রিয়াজ মামলার এজাহারের বর্ণনা দিয়ে জানান, পূর্ব বিরোধের জের ধরে ২০০১ সালের ২৭ মার্চ দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মিয়ার হাট বাজার সংলগ্ন এলাকায় ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদার, মন্টু হাওলাদার ও মুজাহার হাওলাদারদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে দণ্ডপ্রাপ্তরা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ২৭ মার্চ দিবাগত রাত ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোতাহার হাওলাদার।
এ ঘটনায় ১৯ জনকে নামধারী ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মোতাহার হাওলাদারের ভাই মো. আজাহার হাওলাদার।
আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার এ রায় প্রদান করেছেন। আসামিদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবুল মামলার শুরু থেকেই পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দেড় যুগ পর ভাই হত্যা মামলার রায় পেয়ে সন্তোষ প্রকাশ করে বাদী মো. আজাহার হাওলাদার বলেন, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে বীরদর্পে চলে যাওয়ায় সকল আসামিদের একই ধরনের সাজা হলে ভালো হতো।
