কুমিল্লা সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড বজ্রপুর মৌলভীপাড়া এলাকার রাজীব হাসান হত্যা মামলার প্রধান আসামি মো.পলাশকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
বুধবার ভোরে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার বজ্রপুর মৌলভীপাড়ার মৃত আবু মিয়ার ছেলে। বুধবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাকে আটকের বিষয়ে জানান কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তার পলাশ রাজীব হাসানকে ছুরি দিয়ে আঘাত করে। পলাশের বিরুদ্ধে আরও একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাতে রাজিব হাসানকে বজ্রপুর মৌলভীপাড়ায় নৃশংসভাবে হত্যা করা হয়। পরে রাজিবের মা কোতোয়ালি মডেল থানায় ১০ জন এবং অজ্ঞাত ৬ জনের নামে মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অপর ৩ আসামি হচ্ছে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার বজ্রপুর মৌলভীপাড়ার মৃত কালা মিয়ার ছেলে লিটন, মৃত সুরুজ মিয়ার ছেলে সুমন মিয়া এবং খোকন মিয়ার ছেলে হানিফ মিয়া।
