লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত সোমবার দেশটির জাওয়ারা এলাকায় ওই ঘটনা ঘটে। ইউএনএইচসিআর এই ঘটনাকে বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবি হিসেবে উল্লেখ করেছে।
বিবিসি বলছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল। এদের বেশিরভাগই আফ্রিকার দেশ সেনেগাল, মালি, শাদ ও ঘানার নাগরিক। নৌকাটি লিবিয়া উপকূলে থামার চেষ্টা করলেও স্থানীয় কোস্টগার্ড সেটি ফিরিয়ে দেয়। নৌকাটি ডুবে যাওয়ার পর জেলেরা অন্তত ৩৭ জনকে উদ্ধার করে। মারা যাওয়া ওই ৪৫ জনের মধ্যে অন্তত ৫ জন শিশু রয়েছে।
এদিকে ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই দুর্ঘটনায় উদ্ধার অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।
ইউএনএইচসিআর জানাচ্ছে, চলতি বছরে ওই উপকূলে নৌকা ডুবে সব মিলিয়ে অন্তত ৩০২ জনের মৃত্যু হয়েছে। তবে সংস্থাটি মনে করে প্রাণহানির এই সংখ্যা আরও বেশি।
