ভৈরবে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচারকালে আটক ২

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০২:৩৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে অ্যাম্বুলেন্সে করে মাদকদ্রব্য পাচারকালে ইনসান সরকার (২২) ও রাজু মিয়া (২৮) নামে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়কসেতুর টোলপ্লাজা সংলগ্ন নাটালমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি মাদক ব্যবসায়ী চক্র ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাদা রঙের একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

এই তথ্যে তার এবং স্কোয়াড কমান্ডার উপপরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল বেলা সোয়া ১১টা থেকে ওই এলাকায় ঢাকাগামী লেনের উপর তাৎক্ষণিক তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকেন।

প্রাপ্ত তথ্যের অ্যাম্বুলেন্সটি দুপুর সাড়ে ১২টার দিকে তল্লাশি চৌকির কাছে আসলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে অ্যাম্বুলেন্সের বডির ভেতরে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ১৬৫ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহার করা অ্যাম্বুলেন্সটি। আটক করা হয় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার জাফরনগর গ্রামের গিয়াস উদ্দিন সরকারের ছেলে ইনসান সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা মধ্যপাড়া এলাকার আব্দুল বাছির মিয়ার ছেলে রাজু মিয়াকে।

র‌্যাব বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত