সোলেইমানির নামে ক্ষেপণাস্ত্র বানালো ইরান

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৫:০৫ পিএম

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে নতুন দুটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শেষ করেছে ইরান। এর একটি দেশটির সাবেক জেনারেল কাসেম সোলেইমানির নামে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামী বৃহস্পতিবার দেশবাসীকে এই মিসাইলের সঙ্গে পরিচয় করান।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ‘১৪০০ কিলোমিটার রেঞ্জের মিসাইলটি শহীদ কাশেম সোলেইমানির নামে। আরেকটি আবু মাহদির নামে। এটির রেঞ্জ ১ হাজার কিলোমিটার।’

যুক্তরাষ্ট্র যখন জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে, ঠিক তখন দেশটি এই ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণ দিল।

হাতামী বলেছেন, ‘এই দুটি ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরোধ শক্তি আরও বাড়িয়ে দেবে।’

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও মারা যান।

‘ক্রুজ মিসাইল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মূল ব্যাপার হল  আমরা দুই বছরের মধ্যে রেঞ্জ বাড়িয়ে ৩০০ থেকে হাজারে নিয়েছি,’ মন্তব্য করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘এটি আমাদের জন্য বড় অর্জন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত