সামরিক বাহিনী মালির নিয়ন্ত্রণ নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নিন্দার মিছিলে জাতিসংঘও যোগ দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও আটক সব সরকারি কর্মকর্তার আশু মুক্তি ও সাংবিধানিক শাসন পুনর্বহালের আহ্বান জানিয়েছে।
গত মঙ্গলবার বিকেলে বিদ্রোহী সেনারা মালির প্রেসিডেন্ট ভবনে হানা দিয়ে অস্ত্রের মুখে প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকর কেইতা ও প্রধানমন্ত্রী বুবু সিসাসহ আরও কয়েকজনকে রাজধানী বামাকোর নিকটবর্তী একটি সামরিক শিবিরে ধরে নিয়ে যায়। তার কয়েক ঘণ্টা পর রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে কেইতা পদত্যাগের ঘোষণা দেন এবং সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন।
মালির বিদ্রোহী সেনারা জানিয়েছে, দেশে বিশৃঙ্খলা আরও ছড়িয়ে পড়া রোধ করতেই তারা এ পদক্ষেপ নিয়েছে।
