চেক জালিয়াতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক রিয়াজুল ইসলামকে ছয় মাসের কারাদ- ও সাত লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। গত সোমবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এস এম আহসানুল হক এ রায় দেন। তবে রায় ঘোষণার বিষয়টি গতকাল বৃহস্পতিবার জানাজানি হয়।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ আহমেদ জানান, রিয়াজুল ইসলাম তার ব্যক্তিগত প্রয়োজনে ২০১৮ সালের ৩০ জুলাই সিরাজুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ধার নিয়ে প্রমাণ হিসেবে একটি চেক দেন। পরে তিনি টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন এবং তার দেওয়া চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হয়। এ অবস্থায় চেক জালিয়াতির মামলা করেন মিঠু। পলাতক থাকায় রিয়াজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
