মাটি খুঁড়ে মিললো কোটি টাকার স্বর্ণ

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১০:৩৭ এএম

অস্ট্রেলিয়ায় স্বর্ণের টুকরা পাওয়ার ঘটনা নতুন নয়, কিন্তু এবার এমন ঘটনা ঘটল যা দেশটি জুড়ে সারা ফেলে দিয়েছে।

বিবিসি জানায়, দক্ষিণ অস্ট্রেলিয়ার দুই ব্যক্তি স্বর্ণের দুইটি টুকরো সোনা পেয়েছেন, ওজন ও আকারের দিক দিয়ে যা বিরল।

এ দুই টুকরো স্বর্ণের সম্ভাব্য দাম আড়াই লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ১১ লাখ টাকারও বেশি।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে স্বর্ণের খনির শহর হিসেবে পরিচিত টারনাগুলার কাছে এক এলাকায় স্বর্ণের টুকরো দুইটি পান ব্রেন্ট শ্যানন এবং ইটান ওয়েস্ট নামে দুই ব্যক্তি।

ভাগ্যবান এ দুই ব্যক্তি এখন স্থানীয় সংবাদমাধ্যমে আলোচিত। টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে তাদের সাক্ষাৎকার।

মাটি খুঁড়ে এবং মেটাল ডিটেক্টরের সহায়তায় এ দুই টুকরো স্বর্ণের সন্ধান পান তারা।

সিএনএনকে ইটান ওয়েস্ট বলেন, অবশ্যই খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা এটি। একদিনে এমন দুইটি বড় টুকরো পাওয়া বিস্ময়কর।

ডিসকভারি চ্যানেলেও প্রচারিত হয় অস্ট্রেলিয়ায় স্বর্ণের টুকরো পাওয়ার এ ঘটনা।

এতে বলা হয়, দুইটি টুকরোর সম্মিলিত ওজন হচ্ছে সাড়ে ৩ কেজি। ওয়েস্টের বাবার সহায়তায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ওই দুজন টুকরো দুটির সন্ধান পান।

এর আগে দেশটিতে ২০১৯ সালে ১.৪ কেজি ওজনের একটি স্বর্ণের টুকরো পাওয়ার ঘটনা ঘটেছিল। যার মূল্য ছিল ৬৯ হাজার মার্কিন ডলার। সেটিও খুঁজে পাওয়া যায় মেটাল ডিটেক্টরের সহায়তায়।

১৮৫০ দশকে অস্ট্রেলিয়ায় স্বর্ণ অনুসন্ধান শুরু হয়। এরপর দেশটিতে একের পর এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়। এরপর এটি দেশটির গুরুত্বপূর্ণ শিল্প হয়ে উঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত