ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ আবার উঠতির দিকে। চব্বিশ ঘণ্টার হিসেবে গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বাধিক আক্রান্ত দেখেছে পশ্চিম ইউরোপের দেশটি।
ফ্রান্সের করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরে বিবিসি’র খবরে বলা হয়েছে, চব্বিশ ঘণ্টায় দেশটিকে ৪ হাজার ৭৭১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মে মাসের পর এই প্রথম একদিনে সর্বাধিক আক্রান্ত দেখল দেশটি।
চলতি মাসের মাঝামাঝি থেকে ফ্রান্সে করোনাভাইরাস পরিস্থিতি আবার খারাপের দিকে মোড় নিচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশটিতে কভিড-১৯ এর নমুনা টেস্ট করা হয়েছে ৬ লাখ ৬৪ হাজারটি।
১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত করা নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার হার আগের থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩.৩ শতাংশ; এর আগের সপ্তাহে শনাক্ত হার ছিল ২.১ শতাংশ; আর জুলাইয়ের শেষ দিকে শনাক্ত হার ছিল ১.৫ শতাংশ।
কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রান্সের বড় বড় শহরগুলোতে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে তরুণেরাই বেশি। তবে তাদের ক্ষেত্রে জটিল কোনো উপসর্গ নেই।
নতুন সংক্রমণের বিস্তার রোধে রাজধানী প্যারিসের পাশাপাশি সেন্ত এতিয়েনে, নিস ও তুলুসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার; এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৪৮০ হাজার মানুষের।
