নওগাঁয় একটি অ্যাম্বুলেন্সের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে অ্যাম্বুলেন্সটি।
গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের দয়ালের মোড় কাঁচাবাজারের পাশে সুলতান প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও অ্যাম্বুলেন্সের চালক সূত্রে জানা যায়, গত বুধবার ভাড়া শেষে দয়ালের মোড় কাঁচাবাজারের পাশে সুলতান প্লাজার সামনে মিলন হোসেন নামের এক ব্যক্তির অ্যাম্বুলেন্স রাখা ছিল। ভাড়া না হওয়ায় দুদিন ধরে অ্যাম্বুলেন্সটি সেখানেই ছিল।
গতকাল ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে মুহূর্তের মধ্যে পুড়ে যায়। এ সময় আগুনের তাপ বিদ্যুতের তারে লেগে তার পুড়ে যায়। এতে শহরের সাতটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
