দক্ষিণ কোরিয়ায় করোনার সংক্রমণ নতুন করে বাড়ছে। সে কারণে দেশজুড়ে সামাজিক দূরত্বের কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে শুধু রাজধানী সিউলেই সামাজিক দূরত্বের বিধিনিষেধ জারি ছিল। ওই বিধিনিষেধ এবার পুরো দেশেই বিস্তৃত হলো।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিউং হো এক বিবৃতিতে জানিয়েছেন, গত শুক্রবার দক্ষিণ কোরিয়ায় নতুন করে আরও ৩৩২ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশ অর্থাৎ ৩১৫ জনই সিউল মেট্রোপলিটন এলাকার। ওই এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। গত ১৬ আগস্ট সিউলে কঠোর সামাজিক দূরত্ব জারি করা হয়। সেখানকার সব বার, ক্যাফে বন্ধ করে দেওয়া হয়। এমনকি যেকোনো খেলাধুলার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।
বাড়ির ভেতরে সর্বোচ্চ ৫০ জন সমবেত হতে পারবে বলে জানানো হয়েছে। অপরদিকে বাড়ির বাইরে সর্বোচ্চ ১০০ জন একত্র হতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিউং হো জানিয়েছেন, আগে রাজধানীতে এই বিধিনিষেধ থাকলেও এখন সারা দেশেই তা জারি করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরেই দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়। গত কয়েক মাসে দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ ছিল একেবারেই কম।
