জলবায়ু উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় জলোচ্ছ্বাসের কবল থেকে সুন্দরবনকে রক্ষার দাবিতে সুন্দরবনের করমজলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে প্রতীকী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১টায় মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বাপা বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ। বক্তব্য দেন পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, মারুফ বিল্লাহ, বাপা নেতা নাজমুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর জমানো বরফখ- গলে সমুদ্রে যাচ্ছে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সুন্দরবনের ভেতরে অতিরিক্ত লবণপানি প্রবেশ করছে। এতে সুন্দরবনের ভেতর এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় সুপেয় পানির আধারগুলো লবণাক্ত হয়ে পড়েছে। ফলে বন্যপ্রাণীসহ মানুষের সুপেয় পানির সংকট যেমন সৃষ্টি করেছে, পাশাপাশি কুমিরসহ বিভিন্ন বন্যপ্রাণীর প্রজননে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
