করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে তিনি মারা যান। মৃত সিরাজুল ইসলামের বাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামে।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু জানান, সিরাজুল ইসলাম জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ১৯ আগস্ট নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওর্য়াডে ভর্তি হন। ওই দিনই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখনও ফলাফল পাওয়া যায়নি। রবিবার সকালে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে নড়াইলে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ১ হাজার ১০১ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৫৫ জন সুস্থ হয়েছে এবং ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২৫ জন আইসোলেশনে ভর্তি আছে।
