রিফাত হত্যা মামলা: শিশু আদালতে সাক্ষ্য শুরু

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৫:৫০ পিএম

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা হ‌ুমায়ূন কবির। এর আগে করোনার পূর্ববর্তী সময়ে ৭৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত। করোনার পর কোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে রবিবার থেকে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু করে আদালত।

রবিবার সকাল ১০টায় বরগুনার শিশু আদালতে মামলার তদন্ত কর্মকর্তা হ‌ুমায়ূন কবিরের সাক্ষ্যগ্রহণ শুরু করেন বিচারক মো. হাফিজুর রহমান। কারাগারে থাকা এ মামলার সাত আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া আদালতে হাজির হয়েছেন এ মামলায় জামিনে থাকা অপর সাত অপ্রাপ্তবয়স্ক আসামি।

শিশু আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শিশু আদালতে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য চলছে। তার সাক্ষ্য শেষ হলে এ মামলায় ৭৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যান।

গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এ ছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ৮ আসামি উচ্চ আদালত এবং বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত