সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদের পরেই দখল

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১০:৪৭ পিএম

সাভারের আশুলিয়ায় একটি সড়কের দুই পাশে অবৈধভাবে বসানো বিভিন্ন ধরনের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। 

রবিবার বিকেলে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স এ অভিযান চালান। তবে ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পরপরই ওই সড়ক দখল করে ফের দোকানপাট বসানো হয়।

স্থানীয়রা জানান, আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকার হাজী মঞ্জু সুপার মার্কেট থেকে বটতলা পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে শতাধিক দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছিল একটি মহল। রাস্তার পাশে দোকানপাট বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোসহ চাঁদাবাজির বিষয়টি জানিয়ে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। ওই অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে সড়ক দখলকারীদের অন্যত্র দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু একাধিকবার বলার পরও সরকারি নির্দেশনা অমান্য করে চাঁদাবাজরা অসাধু ব্যবসায়ীদের দিয়ে সড়কটি দখল করে ব্যবসা চালিয়ে আসছিল। বিষয়টি জানতে পেয়ে রবিবার বিকেলে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স।

তবে উচ্ছেদ অভিযান শেষ করে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করার সঙ্গে সঙ্গেই পূর্বের ন্যায় সেখানে দোকানপাট বসিয়ে বেচাকেনা করতে দেখা গেছে অসাধু ব্যবসায়ীদের।

আশুলিয়া থানার এসআই কাজী নাসের উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত