ইরান থেকে ক্ষেপণাস্ত্র কেনার ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, তেহরান থেকে ক্ষেপণাস্ত্র কেনা হবে একটি ভালো চিন্তা। কলম্বিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি দাবি করেছেন, কলম্বিয়া সরকারের সঙ্গে যেসব আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কাজ করে তাদের কাছে তথ্য রয়েছে যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানের কাছ থেকে মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনতে চান। তার ওই মন্তব্যের পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে মাদুরো তার প্রতিরক্ষামন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, এই আইডিয়াটা তাদের মাথায় কেন এলো না। বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি। মাদুরো বলেন, ইরানের সঙ্গে সম্পর্কের আলোকে স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখা দরকার।
×
