পঞ্চগড়ের দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে। দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ, দেবীডুবা ও সোনাহার ইউনিয়নের প্রধানপুর, দেবীডুবা, ও দাড়ারহাট মৌজায় ২১৭.৭৮ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে চুক্তি স্বাক্ষর ও ও দলিল সম্পাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারের পক্ষে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পক্ষে সহকারী ব্যবস্থাপক একেএম আনোয়ার দলিলে স্বাক্ষর করেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলার করোনার সমন্বয়কারী ভূমি সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী, বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা (ভার্চুয়ালি), পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার কিন্তু তাকে হত্যার পর সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, কৃষিতে এগিয়ে থাকা দেশকে এখন শিল্প বিপ্লবের দিকে নিয়ে যেতে হবে। এ জন্য সরকার সারা দেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এতে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্যের চাহিদাও বাড়বে। ফলে স্থানীয় অর্থনীতির চাকা সবসময় সচল থাকবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যে বাংলাদেশসহ বিশ্বব্যাপী অর্থনীতিতে কভিড -১৯ মহামারির আক্রমণ সত্ত্বেও দেশ আর্থ-সামাজিকভাবে আরও এগিয়ে যাচ্ছে। করোনার কারণে ধাক্কা খেয়েছে দেশ। সেই ধাক্কা সামলে দেশ আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সহকারী ব্যবস্থাপক একেএম আনোয়ার জানান, সরকার দেশে ২০৩০ সালের মধ্যে সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে। এসব অঞ্চলে দেশি-বিদেশি উদ্যোক্তারা ৪০ হাজার বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। দেবীগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে ১০ হাজার দক্ষ অদক্ষ নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এসব অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত সব শ্রেণির (এ/বি/সি) কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য রপ্তানিও হবে।
এতে পঞ্চগড়ে উৎপাদিত কৃষি পণ্যের ব্যবহার নিশ্চিত হবে। কৃষকের পণ্যের নায্যমূল্য নিশ্চিত হবে। দেশের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী শিল্পের বিকাশের ওপর গুরুত্ব দিচ্ছেন সরকার। অনগ্রসর অঞ্চলসহ বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল তথা শিল্পনগর গড়ে তুলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে সরকার কাজ করছে।
দেশের আর্থসামাজিক অগ্রগতির গতি আরও গতিময় করতে আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলিতে বিনিয়োগ করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের, বিশেষত যুবকদের উৎসাহিত করার কাজ করছে বেজা।
বিশ্বব্যাপী বিনিয়োগ স্থানান্তরের যে প্রবণতা সৃষ্টি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কর্মকৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য কাজ করছে সরকার ও বেজা।
