বাউফলে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৩:৪৮ পিএম

পটুয়াখালীর বাউফলে শাওন খন্দকার (২৫) নামের এক শিক্ষার্থী খুন হয়েছেন তারই বন্ধু রাজিবের (২৪) হাতে।

সোমবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক বন্ধু রাজিবকে আটক করেছে।

উপজেলার বিলবিলাস গ্রামের জাকির হোসেন খন্দকারের ছেলে শাওন ঢাকার টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এমএস বিভাগের ছাত্র। অভিযুক্ত বন্ধু রাজিব উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুরা গ্রামের ফয়েজ রাজার ছেলে।

শাওনের ফুফাতো ভাই সোহেল ও ফুপু শিল্পী বেগম জানান, গত রবিবার  সন্ধ্যায় শাওন খন্দকারের চোখে টর্চ লাইটের আলো মারেন বন্ধু রাজিব। একপর্যায়ে এ নিয়ে দুই বন্ধু বিবাদে জড়ালে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়। সোমবার বেলা ১১টায় বিলবিলাস বাজারে একটি চায়ের দোকানে বসে শাওন চা পান করছিলেন। এমন সময় রাজিব এসে শাওনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাওনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শাওনের কন্ঠনালী কেটে গেছে। গলার আশপাশের আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে শাওনের মৃত্যু হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্ত রাজিবকে আটক করা হয়েছে। শাওনের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। রাজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত