করোনায় ঢামেকে প্রথম নার্সের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৭:৩৭ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন শাহিদা আক্তার (৫৬) নামে এক নার্সিং সুপারভাইজারের মৃত্যু হয়েছে। 

এ প্রথম করোনায় ঢাকা মেডিকেলের কোনো নার্স মারা গেলেন।

সোমবার বেলা আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯৮৪ সালে চাকরিতে যোগ দেন শাহিদা। দুই মেয়ে এক ছেলের জননী তিনি। তার স্বামীর বাড়ি গাজিপুর শ্রীপুর। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। স্বামীর নাম আবু সাইদ।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢামেক হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল জানান, শাহিদা ঢামেক বার্ন ইউনিটের করোনা ইউনিটের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। করোনার প্রথম থেকেই তিনি চিকিৎসা সেবা দিচ্ছিলেন। দায়িত্বরত অবস্থায় করোনার উপসর্গ দেখা দেয় তার। এরপর পরিক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। করোনা পজেটিভ হওয়ায় ১৭ আগস্ট ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন সোমবার বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঢাকা মেডিকেলে করোনা রোগীদের চিকিৎসা শুরুর পর থেকে দায়িত্বরত অবস্থায় প্রায় সাড়ে পাঁচ শ নার্স করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে এখনো দেড় শ জনের মতো চিকিৎসাধীন, হোমকোয়ারেইন্টাইন রয়েছেন। বাকিরা কাজে যোগ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত