ভাঙ্গায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১০:৪৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হাবেলি গঙ্গাধরদী গ্রামে এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

নিহতরা হলেন ওই গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৭) ও রকিব মাতুব্বর (১৭)।

ভাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, হাবেলি গঙ্গাধরদী গ্রামে একটি বিল আছে। সেখানে গত রবিবার বিকেলে মাছ ধরতে যান শামীম ও রকিব। একই জায়গায় মাছ ধরতে যায় ওই গ্রামের জামাল ও আফজাল।

এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালে জামাল-আফজালরা সংঘবদ্ধ হয়ে শামীম ও রবিকের ওপর হামলা চালায়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শামীম, রকিবসহ ১০ জন আহত হয়। উদ্ধার করে প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে গুরুতর দুই ভাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের মাথায় একাধিক কোপের আঘাত রয়েছে বলেও জানান তিনি।

নিহতদের দুলাভাই মাইনুদ্দিন মাতুব্বর জানান, রবিবার বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশী জামাল ও আফজালের সঙ্গে শামীম-রকিবের তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়। এরই জেরে সোমবার সকাল ৭টার দিকে জামাল, আফজালসহ কয়েকজন এসে শামীম ও রকিবকে এলোপাতাড়ি দেশি অস্ত্র দিয়ে কোপায়। এতে ১০ জন আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি শফিকুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত