সোমবার হাতিয়া থানা-পুলিশ বিকল হয়ে যাওয়া একটি লাইটার জাহাজ মেরামত করতে এসে নিখোঁজ হওয়া ডুবুরি মামুনের (৪০) লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করেছে।
এর আগে সোমবার সকালে নলচিরা জাহাজঘাট ঘাট এলাকার পাশের মেঘনা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশালকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। হাতিয়া থানা-পুলিশ এ খবর নিশ্চিত করেছে।
জাহাজ ঘাটের নিকটবর্তী হাতিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন-চার্জ আকবর হোসেন জানান, এম ভি মিথিলা সালমান-৩ নামক একটি জাহাজের পাখায় জাল পেঁচিয়ে জাহাজটি হাতিয়ার পাশের মেঘনায় বিকল হয়। ওই জাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে তিনজন ডুবুরি আনা হয়। রবিবার বিকেল থেকে তারা কাজ শুরু করে। হঠাৎ জাহাজের পেছন থেকে ডুবুরি মামুন নিখোঁজ হন। সোমবার সকালে হাতিয়া কোস্ট গার্ড,নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে তার লাশ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিহত মামুনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
