মাদক বিক্রি ছাড়ায় বাড়িতে হামলা, ভাইকে জখম

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০১:৪২ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক তরুণ মাদকের কারবার ছেড়ে দেওয়ায় তার বাড়িতে হামলা চালিয়েছে অন্য কারবারিরা। সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনিতে গত রবিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

হামলার সময় কুপিয়ে আহত করা হয় ওই তরুণের ছোট ভাইকে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু হামলাকারীদের ভয়ে থানায় গিয়ে অভিযোগ দিতে পারছে না বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ওই তরুণের মা সাংবাদিকদের বলেন, আমার ছেলে পক্ষী মজিবরের ছেলে নাহিদ ও মিজানের সঙ্গে একসময় মাদক বিক্রি করত। মাদক বিক্রি করায় তার নামে কয়েকটা মামলাও হয়েছে। করোনার মধ্যেও জেল খেটে এসেছে। পরে আমার কথায় সে মাদক বিক্রি বন্ধ করে দেয়। সম্প্রতি মাদক বিক্রি বন্ধ করে দেওয়ায় নাহিদ, মিজান ও হৃদয় আমার ছেলেকে মারধর করে। আমার গলায় ছুরি ধরে বলে গেছে মাদক বিক্রি না করলে এলাকায় থাকতে দেবে না। তারা আমার দোকান ও বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। সন্ত্রাসীরা আমার বড় ছেলেকে না পেয়ে কলেজ পড়ুয়া ছোট ছেলেকে কুপিয়ে জখম করেছে। পরে আমরা ৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে থানায় অভিযোগ করতে বলে গেছে। কিন্তু আমরা ভয়ে যেতে পারছি না।

এ বিষয়ে অভিযুক্ত নাহিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাটি সত্য নয়। প্রথমে তারা আমার ভাইয়ের ওপর হামলা করে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক হামলার সত্যতা স্বীকার করে বলেন, থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত