চাঁদপুরে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করেছে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকাল ৭টায় এই ধর্মঘট আহ্বান করা হয়।
এতে করে বিপাকে পড়েন বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিক ইউনিয়নের নেতারা।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমরা শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছি। এতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
চাঁদপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি বলেন, প্রশাসন বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে। সেই প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, যারা বৈধভাবে যানবাহন চালাচ্ছে, তারা দীর্ঘদিন ধরে অবৈধ যানবাহন ও চালকদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। অবৈধ যানবাহন বন্ধের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের দাবিসমূহের মধ্যে রয়েছে- রোড পারমিটবিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি, অবৈধ গাড়ি চলাচলের কারণে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত, যানবাহনে অবৈধ নম্বর, অটোরিকশা চালকদের লাইসেন্স নেই, রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল, নির্দিষ্ট টার্মিনাল ছাড়া বেআইনিভাবে বিভিন্ন জায়গা ইজারা দেওয়া।
এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।
চাঁদপুর থেকে দেশের বিভিন্ন স্থানে ৮টি রুটে যাত্রীবাহী বাস চলাচল করে। এসব রুটের মধ্যে রয়েছে : ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী।
