ভারতে অক্সফোর্ডের টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১২:২৭ এএম

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ছাড়িয়ে যাওয়ার দিনেই ভারতে শুরু হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি সম্ভাব্য করোনা টিকার দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল। গতকাল মঙ্গলবার পুনের একটি হাসপাতালে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় (এসআইআই) এ ট্রায়াল শুরু করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বিশ্বজুড়ে প্রতিদিন করোনায় সংক্রমণ এবং মৃত্যু বাড়লেও এই রোগ নির্মূলে এখন পর্যন্ত কোনাে কার্যকর টিকা উদ্ভাবন করা যায়নি। বিশ্বজুড়ে প্রায় দেড় শতাধিক গবেষণা চললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মনে করছে, এই টিকা তৈরির দৌড়ে শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগটি। ভারতেও এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল চালানো হয়েছে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল।

গত ৩ আগস্ট দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মানবদেহে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিরামকে অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। দেশের ১৭টি জায়গায় সেই পরীক্ষা-নিরীক্ষা চলবে। পাটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চসহ বিভিন্ন হাসপাতালে সেই ট্রায়াল চালানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত