আগাম জামিন পেলেন তৌফিক ইমরোজ খালিদী

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৫:৫০ পিএম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন দিয়ছে হাইকোর্ট। 

বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে।

আদালতে তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর মতিন খসরু ও আইনজীবী মাহবুব শফিক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ৩০ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। ভুয়া কাগজপত্র তৈরি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন মর্মে প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত। তিনি ওই অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

তৌফিক ইমরোজ খালিদী শুরু থেকেই বলে আসছেন, যে অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে তা ‘একেবারেই ভিত্তিহীন’। তিনি সব সময় নিয়ম মেনে চলার চেষ্টা করেছেন এবং কোনো ‘অবৈধ সম্পদ’ তার নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত