‘গুম-বিচারবহির্ভূত হত্যাকান্ড’ অবলীলায় ঘটে যাচ্ছে : ফখরুল

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০২:২৮ এএম

বাংলাদেশে ‘গুম-বিচারবহির্ভূত হত্যাকান্ড’ অবলীলায় ঘটে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এসব বিষয়ে কথা বললে সরকার স্বীকার করে না। উল্টো বিভ্রান্তকর বক্তব্য দেওয়া হয়।’

গতকাল বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির গুম-বিচারবহির্ভূত হত্যার শিকার নেতাকর্মীদের ৪০টি পরিবারকে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এনফোর্স ডিজএপিয়ারেন্স এটা একটা মানবতার বিরুদ্ধে অপরাধ। দিস এ ক্রাইম এগেনেস্ট হিউমিনিটি জাতিসংঘের চার্টারে সেটা আছে। অথচ সেটা এখানে (বাংলাদেশ) অবলীলায় ঘটে যাচ্ছে। যখন দেখি যে, সেনাপ্রধান আর আইজিপি দুজনে পাশাপাশি বসে প্রেস কনফারেন্স করেন, মেজর সিনহার ওপর গুলিবর্ষণের ঘটনার বিষয়ে বলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তাহলে আমরা কার কাছে যাব? কোথায় যাব? কী বলব?’

জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে তাই আমাদের মানুষের কাছেই যেতে হবে, তাদের জাগিয়ে তুলতে হবে। সে লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের এখন যে লড়াই, এই লড়াই, এই সংগ্রাম হচ্ছে আমাদের অধিকার ফিরিয়ে আনার লড়াই, এই সংগ্রাম হচ্ছে আমাদের স্বাধীনতাকে রক্ষা করার লড়াই, এই সংগ্রাম ও লড়াই হচ্ছে আমাদের অস্তিত্বকে রক্ষা করার লড়াই। এ লড়াইয়ে আমাদের হতাশ হলে চলবে না, এ লড়াইয়ে আমাদের পরাজিত হলে চলবে না। এ লড়াইয়ে আমাদের জয়লাভ করতেই হবে।’

গুম হওয়া পরিবারের আর্তনাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আর কতকাল, কতদিন আমরা এভাবে চোখের অশ্রু ফেলব? আজকে যারা স্বাধীনতার জন্য লড়াই করে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, অধিকারের জন্য লড়াই করে তাদের নির্মম-নির্যাতন-অত্যাচারের শিকার হতে হয়। তারা আর্তনাদ করছেন তাদের প্রিয়জনদের ফিরিয়ে পাওয়ার জন্য।’

বিএনপি মহাসচিব বলেন, ‘অবলীলায় তারা মিথ্যা কথা বলে, অবলীলায় মানুষের সামনে বিভ্রান্ত করে। আমরা যখন নিখোঁজ বা গুম হওয়ার কথা মানুষের সামনে বারবার করে তুলে ধরি তারা বলেন, না আমরা তো এটা বলতে পারি না। অনেকে চলে যায়, নিজেরা নিজেরা চলে যায়। তারা নাকি হারিয়ে গেছে, অনেকে বলে এ ধরনের কোনো ঘটনাই নাকি ঘটেনি।’

সাবেক সাংসদ এম ইলিয়াস আলী, পারভেজ আলম হিরু, চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মী গুম হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনাদের (গুম হওয়া পরিবার) এই ত্যাগ গোটা জাতিকে নিঃসন্দেহে শক্তি জোগাবে জেগে উঠতে, নিঃসন্দেহে এরা পরাজিত করবে সেসব ভয়ংকর দুর্বৃত্ত, ভয়ংকর দানবদের যারা জোর করে আমাদের বুকের ওপর চেপে বসে আছে।’

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। পরে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে গুম ও খুন হওয়া ঢাকা মহানগরের এসএম আদনান চৌধুরী, কাওসার হোসেন, ডা. সগীর, নজরুল ইসলাম, মো. মজিদ, ঢাকা জেলার ফয়সল উদ্দিন হাশেমী ও মানিকগঞ্জের মো. শাওন এ সাত পরিবারের সদস্যের হাতে আর্থিক সহযোগিতার টাকা তুলে দেন মির্জা ফখরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত