এখনো গভীর কোমায় আচ্ছন্ন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন। বৃহস্পতিবার সকালে মেডিকেল বুলেটিনে এ কথা জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল।
আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, এখনো গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন প্রণব মুখার্জি। তিনি ভেন্টিলেটর সাপোর্টেই আছেন। ফুসফুস ও কিডনির চিকিত্সা চলছে। তিনি হিমোডায়নামিক্যালি স্থিতিশীল আছেন।
প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকদের দল ৮৪ বছরের ‘ভারতরত্ন’ সম্মাননা জয়ীকে পর্যবেক্ষণে রেখেছে বলেও জানানো হয়েছে।
বুধবার তার কিডনির অবস্থা সামান্য অবনতি হয় বলে জানিয়েছিল সেনা হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দিন সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে বলা হয়, প্রণব মুখার্জির ফুসফুসে সংক্রমণের চিকিত্সা চলছে। গতকালের থেকে তার কিডনি সংক্রান্ত বিষয়ের মাপকাঠির সামান্য অবনতি হয়েছে। এখনো তিনি গভীর কোমায় আচ্ছন্ন।
১০ আগস্ট দিল্লিতে আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন প্রণব। হাসপাতালে ভর্তির পর পরই তার মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। এরপরই গভীর কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন সাবেক রাষ্ট্রপতি। তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়ে।
