যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে শক্তিশালী হারিকেন লরা আঘাত হেনেছে। প্রচণ্ড ঝড়ো বাতাস সেখানে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনটির কারণে ‘নজিরবিহীন’ জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টার দিকে লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘণ্টায় ২৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে উপকূল থেকে অভ্যন্তরে এগোতে থাকে লরা। এতে অঞ্চলটির কয়েক লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় লুইজিয়ানা ও টেক্সাসের কয়েকটি অংশ থেকে পাঁচ লাখ বাসিন্দাকে অন্যত্র সরে যেতে বলা হয়। বাতাসের এই বেগ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেনগুলোর মধ্যে একটি হয়ে উঠবে এটি। রয়টার্স জানায়, হারিকেন লরার প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লুইজিয়ানার দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে ৪০ মাইল ভেতর পর্যন্ত এলাকা তলিয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়।
