নরসিংদীতে সংঘর্ষে নিহত ১ অস্ত্র, গুলি উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০১:৩৩ এএম

নরসিংদীর রায়পুরায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬ জন। গতকাল বৃহস্পতিবার সকালে রায়পুরা পৌরসভার তাতাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন (৩০) রায়পুরা পৌরসভার তাতাকান্দা এলাকার হিরণ মিয়ার ছেলে। 

আহতরা হলেন শাকিল মিয়া (২২), আতাউর রহমান (৬০), হিরণ মিয়া (৫০), হায়দার আলী (৫০), সাকিব (১৬) ও সোহান (২২)। আহতদের রায়পুরা, নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে তাতাকান্দা এলাকার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। তারা সম্পর্কে মামা-ভাগিনা। বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর দেলোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর অবস্থায় হিরণ ও শাকিল নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ ওই এলাকায় মাইনউদ্দিনের বাড়ির বাথরুম থেকে ৬টি গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত