বেলারুশে মোতায়েনের জন্য রুশ রিজার্ভ ফোর্স প্রস্তুত: পুতিন

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০৮:৫৯ এএম

বেলারুশে বিক্ষোভ দমনে পুলিশ বাহিনী পাঠানো হবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। তবে এখনো সে সময় আসেনি বলেন তিনি। বিবিসির খবর।

রুশ রাষ্ট্রীয় চ্যানেল ওয়ান টিভিতে এক ভাষণে পুতিন বলেন, ‘বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো আমাকে একটি নির্দিষ্ট পুলিশ রিজার্ভ বাহিনী প্রস্তুত করতে বলেছেন এবং আমি সেটি করেছি।’

তবে প্রয়োজন পড়লে শুধু এ বাহিনী ব্যবহার হবে। এ ব্যাপারে বেলারুশ প্রেসিডেন্টের সঙ্গে তিনি একমত বলেও রুশ প্রেসিডেন্ট জানান।

প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এবং নতুন নির্বাচনের দাবিতে ৯ আগস্ট থেকে বিক্ষোভে নামে বেলারুশের জনগণ। সোভিয়েত সময়ের পর সবচেয়ে বড় বিক্ষোভ সংঘটিত হয় রাজধানী মিনস্কে।

লুকাশেঙ্কো ক্ষমতায় আছেন একনাগাড়ে ১৯৯৪ সাল থেকে। তাকে বলা হয় 'ইউরোপের শেষ স্বৈরাচার'। তার দাবি, তিনি থাকলে বেলারুশে সরকারের স্থায়িত্ব থাকবে।

নির্বাচনী কর্তৃপক্ষের ঘোষণায় ৮০ শতাংশের বেশি ভোটের ব্যবধানে জিতেন লুকাশেঙ্কো। বিরোধী সমর্থকেরা এই ফল প্রত্যাখ্যান করে এবং ভোটচুরির অভিযোগে বিক্ষোভে নামে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ বিক্ষোভ সহিংস রূপ নেয়।

তবে প্রধান বিরোধী দলের নেত্রী সভেতলানা তিখানোভস্কায়া সহিংসতা বন্ধের আহ্বান জানান। যদিও নিজে সাত ঘণ্টা আটক অবস্থায় থাকার পর মুক্তি পেয়ে পালিয়ে লিথুয়ানিয়ায় আশ্রয় নেন তিনি।

এমন পরিস্থিতিতে মিত্র বেলারুশের সুরক্ষায় এগিয়ে আসে রাশিয়া। তা ছাড়া প্রতিবেশী দেশ দুটির সাংস্কৃতিক, জাতিগত ও ভাষাগত সম্পর্কের ওপর জোর দিতে বেলারুশকে সহায়তা করা অনেকটা বাধ্যবাধকতা বলেই দাবি করেন পুতিন।

এদিকে মিনস্কে বিক্ষোভের সংবাদ প্রচার করতে গিয়ে আটক হয়েছেন ১৩ জন সাংবাদিক, যার মধ্যে রয়েছে বিবিসির একটি টিমও। ঘোষিত আরেকটি বিক্ষোভ সংগঠিত হওয়ার আগে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিচয় যাচাই করতে তাদের আটক করা হয়েছে। তবে বিবিসি প্রতিনিধি স্ট্রিভ রোজেনবার্গ জানান, সংবাদ প্রচারে বাধা দেয়ার স্পষ্ট চেষ্টা এটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত