চলতি বছরের শেষ নাগাদ ভ্যাকসিন দিয়ে মহামারি করোনাভাইরাস ‘নির্মূল’ করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়াইয়ের জন্য রিপাবলিকান দলের মনোনয়নপত্র গ্রহণের পর বৃহস্পতিবার তিনি এ প্রতিশ্রুতি দেন। খবর এএফপি’র।
ট্রাম্প বলেন, ‘আমেরিকার বৈজ্ঞানিক প্রতিভাকে কাজে লাগিয়ে রেকর্ড সময়ের ভ্যাকসিন তৈরি করবো আমরা।’
তিনি বলেন, ‘আমরা এই বছরের শেষ নাগাদ একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন হাতে পাব এবং সকলে মিলে এই ভাইরাস নির্মূল করবো।’
এ সময় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘জো বাইডেন আমেরিকার নাগরিকদের একজন রক্ষাকর্তা না। তিনি হচ্ছেন মার্কিন নাগরিকের চাকরি ধ্বংসকারী এবং ভিন দেশিদের সুযোগ দেওয়া ব্যক্তি। সুযোগ পেয়ে তিনি ক্ষমতায় আসলে হবেন আমেরিকার মহত্ত্ব ধ্বংসকারী।’
তিনি বলেন, ‘আমরা আমেরিকান স্বপ্ন বাঁচাবো কিনা বা আমাদের লালিত ভবিষ্যৎ ধ্বংসে আমরা সমাজতান্ত্রিক এজেন্ডা বাস্তবায়নের সুযোগ করে দেব কিনা তা এই নির্বাচনের ফলাফলই সিদ্ধান্ত দেবে।’
