জন্মদিনের উৎসব শেষে লাশ হয়ে গেলেন দুই বন্ধু

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০২:০৪ এএম

পাবনার সাঁথিয়ায় ছোট বোনের জন্মদিনের উৎসব শেষে অসুস্থ হয়ে শুভ সাহা (২২) ও সুবাস আকাশ সাহা (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বনগ্রাম সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উৎসব শেষে অতিরিক্ত মদ্যপানে ওই দুজন মারা গেছেন।

ঢাকা স্টামফোর্ড কলেজের ছাত্র শুভ ওই এলাকার নন্দদুলালের ছেলে। পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র আকাশ একই এলাকার সুবাস সাহার ছেলে। আতাইকুলা থানার ওসি নাসিরুল আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল শুক্রবার আকাশের বোন টিকলী রানীর জন্মদিন ছিল। এ উপলক্ষে বাড়িতে বৃহস্পতিবার রাত ১২টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনের কেক কাটা, খাওয়া-দাওয়ার উৎসব শেষে রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ অন্য রুমে গিয়ে মদপান করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন শিক্ষক জানান, বনগ্রাম বাজারে ইয়াবা, ফেনসিডিল, স্পিরিট মেশানো চোলাই মদ বা মদজাতীয় দ্রব্য হাতের নাগালে। তরুণরা নিষিদ্ধ এসব মাদকের প্রতি আকর্ষণ থেকে আসক্ত হয়ে পড়ছে। গত তিন-চার মাস আগে এই উপজেলার ধুলাউড়িতে বিষাক্ত মদপানে দুজন মারা যায়। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপও চান তারা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত পেয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এই মদের উৎস কোথায়, কারা এসবের সঙ্গে জড়িত।

‘অতিরিক্ত মদ্যপানে’ রাশিয়ান নাগরিকের মৃত্যু : অতিরিক্ত মদ্যপানে অসুস্থ রাশিয়ান নাগরিক সেরগে স্মোলনিকভ (৪৩) রাজশাহীর সিডিএম হাসপাতালে মারা গেছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। সিডিএম হাসপাতালের পরিচালক ডা. তকি চৌধুরীর উদ্ধৃতি দিয়ে নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত সেরগে অতিরিক্ত মদপান করে অসুস্থ হলে বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত