ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন উপজেলা চেয়ারম্যানের

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০৭:২২ পিএম

ঝালকাঠিতে মিথ্যে বিয়ের কাগজ তৈরি করে এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির।

শনিবার কাঠালিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মনির নিজেকে নির্দোষ দাবি করে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর আগে গত মঙ্গলবার কাঠালিয়ার আমুয়া ইউনিয়নের এক নারী কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমাদুল হক মনিরের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। তাতে উল্লেখ করা হয়- চাকরি দেওয়া এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাজী ডেকে কাগজে সই নিয়ে বরিশালের আগরপুর রোডের একটি ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ এবং বিভিন্ন সময় ধর্ষণ করা হয়।

আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় উপজেলা চেয়ারম্যান মনির ছাড়াও মনিরকে সহযোগিতার অভিযোগে মিঠু সিকদার নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এমাদুল হক মনির তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরপরই কাঠালিয়া উপজেলা থেকে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করায় আমার রাজনৈতিক প্রতিপক্ষ ও একটি কুচক্রি মহল রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মেয়েকে দিয়ে আমার নামে ধর্ষণ মামলা দায়ের করানো হয়েছে। 

ধর্ষণের শিকার নারী অভিযোগ করে বলেন, গত তিন বছর মনির আমাকে স্ত্রীর মতো ব্যবহার করে এখন স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করায় বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত