আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে আকারে অন্তত দুই গুণ বড় গ্যালাক্সির খোঁজ পাওয়া গেল। সেই গ্যালাক্সির চার পাশেও আছে সুবিশাল জ্যোতির্বলয় অর্থাৎ ‘হেলো’।
আমাদের সবচেয়ে কাছে থাকা সেই গ্যালাক্সিটির নাম ‘অ্যান্ড্রোমিডা’। যার অন্য নাম ‘এম-৩১’। আকারে তা অনেকটাই বড়। আমাদের মিল্কি ওয়েতে তারার সংখ্যা যেখানে বড়জোর ৮০ হাজার কোটি, সেখানে অ্যান্ড্রোমিডায় তারার সংখ্যা কম করে দেড় লাখ কোটি। আকারে অনেক বড় বলে অ্যান্ড্রোমিডার অভিকর্ষ বলের টান অনেক বেশি জোরালো। সেই টানেই অ্যান্ড্রোমিডার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের মিল্কি ওয়ে। যার পরিণতিতে সাড়ে ৪০০ কোটি বছর পর অ্যান্ড্রোমিডার সঙ্গে তুমুল সংঘর্ষ হবে মিল্কি ওয়ের। দু’টি গ্যালক্সিই তাতে চুরমার হয়ে যাবে।
নাসার হাব্ল স্পেস টেলিস্কোপ (এইচএসটি) সুবিশাল জ্যোতির্বলয়ের সন্ধান পেয়েছে এই অ্যান্ড্রোমিডারই চতুর্দিকে। এই প্রথম দেখা গেল, সেই সুবিশাল জ্যোতির্বলয়ের আছে দু’টি স্তর। একটি ভিতরের। অন্যটি বাইরের।
আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই জ্যোতির্বলয়টি আকারে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ১৫ থেকে ২০ গুণ।
মিল্কি ওয়ের জ্যোতির্বলয়ের সঙ্গে ‘কোলাকুলি’
গবেষকরা জানিয়েছেন, এই জ্যোতির্বলয়টি এতটাই বিশাল যে, তা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির কেন্দ্র থেকে মহাকাশে ১৩ লাখ আলোকবর্ষ (আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে) পর্যন্ত এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। যা অ্যান্ড্রোমিডা থেকে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যতটা দূরত্বে (২৫ লক্ষ আলোকবর্ষ), তার অর্ধেক। কোনও কোনও দিকে অ্যন্ড্রোমিডার সেই প্রকাণ্ড জ্যোতির্বলয় ছড়িয়ে পড়েছে আরও বড় এলাকা জুড়ে, কম করে ২০ লক্ষ বর্গ আলোকবর্ষ এলাকায়।
গবেষকদের মতে, এতটা দূরত্ব পর্যন্ত ছড়িয়ে রয়েছে বলে এটা ধরেই নেওয়া যায় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির জ্যোতির্বলয়ের সঙ্গে অ্যান্ড্রোমিডার জ্যোতির্বলয়ের ‘কোলাকুলি’ও শুরু হয়ে গিয়েছে।
আমেরিকার ইন্ডিয়ানাপোলিসে নটরডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক নিকোলাস লেনার জানিয়েছেন, পাঁচ বছর আগে ২০১৫ সালে প্রথম হদিস মিলেছিল অ্যান্ড্রোমিডার জ্যোতির্বলয়ের ভিতরের এই অংশটির। অ্যান্ড্রোমিডার কেন্দ্রস্থল থেকে মহাকাশে যা ৫ লক্ষ আলোকবর্ষ দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এ বার সেই জ্যোতির্বলয়ের বাইরের অংশটির দেখা মিলল। যা আরও ৪ গুণ (সর্বাধিক ২০ লক্ষ আলোকবর্ষ) দূরত্ব পর্যন্ত ছড়িয়ে রয়েছে মহাকাশে।
