আগস্টের ৯ তারিখ লাখ ছাড়ানোর পর ৩০ তারিখ পর্যন্ত আরও ২০ হাজার মানুষের প্রাণ গেল ব্রাজিলে। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত মোট মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭৫৮ জন।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৪৬ হাজার ৯৬৫ জন। সুস্থ ৩০ লাখ ৬ হাজার ৮১২ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বব্যাপী মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৮১৮ জন।
নতুন এই রোগটি থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৫১৬ জন। বিপরীতে মারা গেছেন ৮ লাখ ৪৬ হাজার ৭৫৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬১ লাখ ৩৯ হাজার ৭৮ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৮৫৬ জন। সুস্থ ৩৪ লাখ ৮ হাজার ৭৯৯ জন।
ব্রাজিলের পর তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ৩৫ লাখ ৩৯ হাজার ৭১২ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৬৩ হাজার ৬৫৭ জনের।
করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ৯ লাখ ৮৫ হাজার ৩৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজার ২৫ জন।
পাঁচ নম্বরে থাকা পেরুতে ৬ লাখ ৩৯ হাজার ৪৩৫ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ২৮ হাজার ৬০৭ জন।
মেক্সিকোয় শনাক্ত রোগী ৫ লাখ ৯১ হাজার হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৬৩ হাজার ৮১৯ জন মারা গেছেন সেখানে।
