এখনো গভীর কোমায় আচ্ছন্ন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন। তবে শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলো স্থিতিশীল রয়েছে।
রবিবার সকালে দিল্লিতে সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত মেডিকেল বুলেটিনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ফুসফুসে সংক্রমণের চিকিত্সা চলছে। তিনি এখনো গভীর কোমায় আচ্ছন্ন। ভেন্টিলেটর সাপোর্টেই তিনি আছেন। তিনি হিমোডায়নামিক্যালি স্থিতিশীল রয়েছেন।’
এর আগে শনিবার প্রকাশিত মেডিকেল বুলেটিনে সেনা হাসপাতাল জানিয়েছিল, আগের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে প্রণব মুখার্জির। তবে এখনো গভীর কোমায় আচ্ছন্ন তিনি।
গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ এবং রেফারেল হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালে ভর্তির পর পরই প্রণব মুখার্জির মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা।
এরপরই গভীর কোমায় চলে যান সাবেক এই রাষ্ট্রপতি। তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়েছিল।
প্রণব মুখার্জির বয়স প্রায় ৮৬ বছর। তিনি ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত।
